রাজধানীতে রাতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
ঈদ কেনাকাটা শেষে ফেরার পথে রাজধানীতে রাতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। সায়েন্সল্যাব মোড়ে ট্রাকের ধাক্কায় গণপূর্ত অধিদফতরের অফিস সহায়ক সুমন ও তার মেয়ে নিহত হয়েছেন। অন্যদিকে, তেজগাঁওয়ে সিএনজি চালিত অটোরিকশা উল্টে চালক ও এক যাত্রী নিহতের ঘটনা ঘটেছে।
জানা গেছে, গণপূর্ত অধিদফতরের অফিস সহায়ক সাজু আহমেদ সুমন তার একমাত্র মেয়ে ২১ বছরের তৃষাকে নিয়ে বের হয়েছিলেন ঈদ কেনাকাটায়। শুক্রবার রাত ৯টার দিকে বাবার সাথে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন তৃষা। সায়েন্স ল্যাবরেটরি মোড়ে পৌঁছালে একটি বালুবোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুমনের। স্থানীয়রা তৃষাকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে পরিবার নিয়ে ঈদ কেনাকাটা শেষে সিএনজি চালিত অটোরিকশায় বাসায় ফিরছিলেন হারুনর রশিদ সানি। তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে ইউটার্ন নেওয়ার সময় আইল্যান্ডে সজোরে ধাক্কা দেয় অটোরিকশা।
স্থানীয়রা তাদের ঢাকা মেডিকেলে নিলে হারুনর রশিদ সানি ও সিএনজি চালক আলিমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়াও গুরুতর আহত সানির স্ত্রী ও তার বোন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।
