৩ দিনেও সন্ধান মেলেনি নাজিফার
রাজধানীর আদাবর এলাকায় তিন বছর বয়সী এক শিশু রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে বায়তুল আমান হাউজিংয়ের রোড-১৭ এলাকায় বাসার সামনে খেলতে বের হয় নাজিফা আক্তার নামের শিশুটি। এরপর থেকে আর কোনো খোঁজ মিলছে না শিশুটির।
শিশুর খালা নাজমা বেগম জানান, নাজিফা এখনও কথা বলতে পারে না। কাউকে ঠিকমতো চিনতেও পারে না। ঘটনার পর আশপাশের তিনটি সড়কের সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করেছে পুলিশ।
ঘটনার পরদিন মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পাশের একটি খালেও ফায়ার সার্ভিসের ডুবুরিরা প্রায় দুই ঘণ্টা তল্লাশি চালায়। কিন্তু মেলেনি নাজিফার সন্ধান। এ ঘটনায় আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে শিশুটির পরিবার।
