ভোটের দিন সহিংসতা হলে, ওই দিন বুঝবেন প্রশাসনের কী প্রস্তুতি আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচন নিয়ে কোন শঙ্কা নেই। এইবার যে পরিমাণ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য নিয়োজিত করা হয়েছে, তা পূর্বের কোন নির্বাচনেই করা হয়নি— এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব) জাহাঙ্গীর আলম।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান তিনি। এদিন ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, রাজবাড়ী জেলার রিটার্নিং কর্মকর্তা, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, সেনাবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন উপদেষ্টা।
উপদেষ্টা বলেন, 'নির্বাচনের দিনে কোন ধরনের সহিংসতা হলে, ওই দিন বুঝতে পারবেন, আপনারা দেখবেন প্রশাসনের কি ধরনের প্রস্তুতি রয়েছে। সবই তো আপনাদের সামনে ডিসক্লোজ করা যাবে না, কিছু বিষয় তো গোপন থাকে।'
তিনি বলেন, 'আপনারা আগের অন্যান্য নির্বাচন গুলো দেখেন, যে পরিমাণ সহিংসতা হয়েছে, এবার কিন্তু আল্লাহ দিলে এখন পর্যন্ত তেমন কোন সহিংসতার ঘটনা ঘটেনি। আশা করবো সামনেও হবে না।'
এসময় ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণে সাংবাদিকদের মোবাইল ফোন ব্যাবহারের বিষয়টি ইতোমধ্যেই নির্বাচন কমিশন পরিস্কার করে দিয়েছে বলেও জানান উপদেষ্টা।
