ট্রেনে ঈদযাত্রা: ২৪ মে’র অগ্রিম টিকিট বিক্রি শুরু
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখী মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দেশের বিভিন্ন রুটে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ মে) বিক্রি হচ্ছে সকাল ৮টা থেকে বিক্রি হচ্ছে ২৪ মে’র অগ্রিম টিকিট। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।
ঈদ উপলক্ষ্যে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, ঈদের আগে পাঁচ দিনের ট্রেনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে। আন্তঃনগর ট্রেনের ২৩ মে’র টিকিট বিক্রি করা হয়েছে গত ১৩ মে। এছাড়া ২৫ মে’র টিকিট বিক্রি হবে ১৫ মে, ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মে’র টিকিট বিক্রি হবে ১৭ মে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী অগ্রিম যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকিট কিনতে পারবেন। ঈদের অগ্রিম টিকিট রিফান্ড করা যাবে না।
যাত্রীদের অনুরোধে যাত্রার দিন মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।
এদিকে, ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিট বিক্রি করা হবে।
