ঢাকা মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬, ৬ই ফাল্গুন ১৪৩২


সরকারের ভালো-মন্দ অনেক কথা ভুলে গেলেও জুলাই সনদের কথা ভুলবে না জাতি


১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪৮

সংগৃহীত

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস মনে করেন, অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ, যার ভিত্তিতে গণভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় তা বাস্তবায়নের সিদ্ধান্ত দিয়েছে দেশের মানুষ। জুলাই সনদের বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরে আসার পথগুলো চিরতরে বন্ধ হয়ে যাবে।

 

নির্ধারিত সময়সীমার মধ্যে এই সনদ বাস্তবায়ন হবে বলেও প্রত্যাশা করছেন তিনি। একইসঙ্গে অন্তর্বর্তী সরকারের ছোট-বড় ভালো-মন্দ অনেক কথা ভুলে গেলেও জুলাই সনদের কথা জাতি কখনো ভুলবে না বলে মনে করেন প্রধান উপদেষ্টা।

 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সোয়া নয়টায় জাতির উদ্দেশে বিটিভিতে দেওয়া বিদায়ী ভাষণে তিনি এসব কথা বলেন।

 

এই সনদ রচনা এবং গণভোটে পাশ করানোর জন্য সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও অধিকার রক্ষা প্রতিষ্ঠান, যারা অক্লান্ত পরিশ্রম করেছে তাদের সবাইকে অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা।

 

তিনি তার ভাষণে উল্লেখ করেন, এই নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীদের ভোট দেয়ার সুযোগ সৃষ্টি করা হয়েছে। যখন একজন ভোটার গর্বভরে এই নির্বাচন ও গণভোটে ভোট দেয়ার অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় বলে তখন একজন নাগরিক হিসেবে আমি আনন্দ ধরে রাখতে পারি না। আমি আশা করি, এই প্রক্রিয়ায় ভবিষ্যতে আরও অনেক বেশি প্রবাসীরা নিশ্চিন্তে অংশগ্রহণ করতে পারবেন।